আরব সাগরে নিয়মিত টহল দেওয়ার সময় মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ এস সি হক চপার হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১জুলই) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে মোট চারজন আরোহী ছিলেন, যার মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।
মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার হওয়া তিন সেনাসদস্য বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে নিখোঁজ সেনাসদস্যের সন্ধানে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
ঘটনার কারণ সম্পর্কে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড স্পষ্ট করেছে যে, কোনো হামলার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি। এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের এয়ারক্রাফট বহরের অংশ ছিল। উল্লেখ্য, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন—এই দুটি বিমানবাহী রণতরী বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলা সামরিক অভিযানে এই রণতরী দুটি মার্কিন প্রতিরক্ষা বাহিনীর প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক এয়ারক্রাফট হারিয়েছে। সর্বশেষ এই চপার হেলিকপ্টারটি সেই তালিকায় যুক্ত হলো। এর আগে গত জুন মাসে হরমুজ প্রণালিতে যান্ত্রিক গোলযোগের কারণে মার্কিন বাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার সাগরে ডুবে গিয়েছিল। তবে সেই ঘটনায় পাইলট নিরাপদে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন।
সূত্র: এবিসি
জেএস